ক্যাম্পাস

বিইসিএম প্রফেশনাল ক্লাবের যাত্রা শুরু, অনুষ্ঠিত হলো উদ্বোধনী অনুষ্ঠান ও এলামনাই টক

কুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

বিইসিএম প্রফেশনাল ক্লাবের যাত্রা শুরু, অনুষ্ঠিত হলো উদ্বোধনী অনুষ্ঠান ও এলামনাই টক- খবরের থাম্বনেইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ জোরদারের লক্ষ্যে “বিইসিএম প্রফেশনাল ক্লাব”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।


১৫ মে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবটির উদ্বোধন করেন ক্লাবের মডারেটর ড. মিজানুর রহমান, পি. ইঞ্জ.। কেক কাটার মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান ড. হাবিবুর রহমান সবুজ নতুন ক্লাবের কার্যক্রম শুরুর অনুমতি প্রদান করেন।


ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় একটি এলামনাই টক, যেখানে বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাদের পেশাগত অভিজ্ঞতা ও ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা তুলে ধরেন।


অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিইসিএম বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. বোরহান উদ্দিন, PMP, যিনি বর্তমানে এমএএক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড-এর ডেপুটি ম্যানেজার (প্ল্যানিং অ্যান্ড মনিটরিং) হিসেবে কর্মরত। এছাড়া সরাসরি উপস্থিত থেকে বক্তব্য দেন নাজমুস সাকিব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, খুলনা। তারা শিক্ষার্থীদের জন্য বিইসিএম সংশ্লিষ্ট বিভিন্ন ক্যারিয়ার সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন এবং বাস্তব কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তারা শিক্ষার্থীদের নিজেদের জীবনের লক্ষ্য নির্ধারণের পরামর্শ দেন, যা ভবিষ্যতে ক্যারিয়ার-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে বলে উল্লেখ করেন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান সবুজের উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তিনি উপস্থিত থাকতে পারেননি। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, পি. ইঞ্জ., ট্রেজারার সহকারী অধ্যাপক মো. রমজান আলী এবং খণ্ডকালীন প্রভাষক আব্দুল্লাহ আল মিয়াদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইসিএম বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা।


আয়োজকরা জানান, বিইসিএম প্রফেশনাল ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রির সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবে, পাশাপাশি এলামনাইদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের পেশাজীবনে উৎকর্ষ অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


সম্পর্কিত খবর