ক্যাম্পাস
শৃঙ্খলা ও নেতৃত্বের স্বীকৃতি: কুবি বিএনসিসির ৭ ক্যাডেটের পদোন্নতি

শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্ববোধের স্বীকৃতিস্বরূপ ‘জ্ঞান ও শৃঙ্খলা’ মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের সাতজন ক্যাডেট পদোন্নতি পেয়েছেন।
শনিবার (১৬ মে) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসিও অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম, ময়নামতি রেজিমেন্টের সামরিক প্রশিক্ষক ফুহাদুল ইসলাম এবং ক্যাডেট আন্ডার অফিসার মহিমা আক্তার।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের ৯ বিএনসিসি ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনে পুরুষ প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট কর্পোরাল আবু বকর সিদ্দিক। মহিলা প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট কর্পোরাল শাহানাজ আক্তার।
এ ছাড়া ক্যাডেট কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল মিথিলা রহমান সুখী, মো. সাখাওয়াত হোসেন রিফাত এবং উত্তম কুমার রায়। অন্যদিকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট মো. মোস্তাফিজুর রহমান মুন্না ও মো. জাহিদুল ইসলাম।
অনুভূতি প্রকাশ করে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুরুষ প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট আবু বকর সিদ্দিক বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট হিসেবে পদোন্নতি পাওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানাই। প্লাটুন কমান্ডার স্যার ও ম্যাম, সিনিয়র ক্যাডেট, সামরিক প্রশিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্ববোধের সঙ্গে প্লাটুনের উন্নয়ন এবং সকল ক্যাডেটের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
মহিলা প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট হিসেবে পদোন্নতিপ্রাপ্ত শাহানাজ আক্তার বলেন, “প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট হিসেবে সদর দপ্তর ময়নামতি রেজিমেন্ট কর্তৃক আমাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে, তা যেন আমি সততা ও নিষ্ঠার সঙ্গে সুষ্ঠুভাবে পালন করতে পারি—সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”
প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসিও অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সাতজন ক্যাডেটকে পদোন্নতি প্রদান করা হয়েছে। আশা করি, তারা দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে প্লাটুনকে আরও এগিয়ে নিয়ে যাবে।
পদোন্নতি বিএনসিসির নিয়মিত কার্যক্রমের অংশ। কোনো পদ শূন্য হলে নিয়ম অনুযায়ী যোগ্য ও সিনিয়র ক্যাডেটদের পরীক্ষা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে রেজিমেন্ট থেকে পদোন্নতি প্রদান করা হয়। আমরা শুধুমাত্র মনোনয়ন প্রদান করি; চূড়ান্ত নির্বাচন ও অনুমোদন দেয় রেজিমেন্ট।”
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সালে ক্যাডেট সার্জেন্ট মহিমা আক্তার ক্যাডেট আন্ডার অফিসার পদে পদোন্নতি পাওয়ায় মহিলা প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট পদটি শূন্য হয়। এ ছাড়া ক্যাডেট সার্জেন্ট শাহিন মিয়ার ক্যাডেটশিপের মেয়াদ পূর্ণ হওয়ায় পুরুষ প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট পদটিও শূন্য হয়।








