ক্যাম্পাস
জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত কর্তৃক এক শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সভাপতি করা হয়েছে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে।
শনিবার (১৬ মে) রাতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন— উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আখতার, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং দর্শন বিভাগের অধ্যাপক মো. জহির রায়হান। এছাড়া সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের চেষ্টার শিকার হন। এ ন্যাক্কারজনক ঘটনার দায় নিরূপণ এবং সংশ্লিষ্ট দপ্তর বা ব্যক্তির নিরাপত্তা-সংক্রান্ত ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।






