জাতীয়
‘জমিদারি প্রথার আধুনিক সংস্করণ চাঁদাবাজির রাজনীতি উচ্ছেদ করতে হবে’

জমিদারি প্রথা উচ্ছেদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে গান, মিষ্টিমুখ ও হারিকেন মিছিল কর্মসূচি পালন করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। শনিবার (১৬ মে) সন্ধ্যায় জাতীয় জাদুঘর গেট প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, জমিদারি প্রথা উচ্ছেদ ছিল বাংলার কৃষক সমাজের দীর্ঘদিনের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিজয়। তবে স্বাধীনতার এত বছর পরও শোষণের রূপ বদলালেও তার চরিত্র বদলায়নি। তিনি বলেন, “জমিদারি প্রথার আধুনিক সংস্করণ চাঁদাবাজির রাজনীতি উচ্ছেদ করতে হবে।”
অন্যান্য বক্তারা বলেন, আজও কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রয়েছে। এ প্রেক্ষাপটে জমিদারি উচ্ছেদের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তারা।
কর্মসূচি শেষে জেডিপি নেতাকর্মীদের একটি মিছিল জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে গান ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা হারিকেন হাতে মিছিলে অংশ নেন এবং পরে উপস্থিতদের মাঝে মুড়ি, বাতাসা ও জিলাপি বিতরণ করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে কৃষকের অধিকার, সামাজিক ন্যায়বিচার, বিদেশি আগ্রাসনবিরোধী অবস্থান, দুর্নীতিবিরোধী রাজনীতি এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।
এতে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।







