ক্যাম্পাস

কুয়েটে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

কুয়েটে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু- খবরের থাম্বনেইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে পুকুরে ডুবে সায়েম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।


জানা যায়, খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল ও সাঁতার কাটতে নেমে তিনি পানিতে ডুবে যান। ঘটনাটি ঘটার পর সহপাঠীরা দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫ ফুট গভীর পানির নিচে আনুমানিক ২০ থেকে ৩০ মিনিট থাকার পর ডুবুরি দল তাকে উদ্ধার করে। উদ্ধার শেষে তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


এই মর্মান্তিক ঘটনায় কুয়েট ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের মাঝে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। সহপাঠীরা জানান, সায়েম ছিলেন অত্যন্ত বন্ধুবৎসল ও শান্ত স্বভাবের একজন শিক্ষার্থী। তার আকস্মিক মৃত্যুতে পুরো ক্যাম্পাস স্তব্ধ হয়ে পড়েছে।


সম্পর্কিত খবর