ক্যাম্পাস

৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জাবির প্রশাসনিক ভবনের তালা খুলে দিলেন আন্দোলনকারীরা

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জাবির প্রশাসনিক ভবনের তালা খুলে দিলেন আন্দোলনকারীরা- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তর পরিচয় শনাক্ত ও এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আল্টিমেটাম দিয়ে দিনব্যাপী অবরুদ্ধ করে রাখা প্রশাসনিক ভবনের তালা খুলে দিল আন্দোলনকারীরা।


রবিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপাচার্যের সাথে আলোচনা শেষে প্রশাসনিক ভবনের তালা খুলে দেন তারা। এর আগে সকাল ১০ টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে দেন তারা। এতে প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী অবরুদ্ধ ছিল।


অবরোধ শেষে অর্থনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী নাজিহা নাওয়ার বলেন, আমরা আমাদের ৬ টি দাবিতেই অনড় রয়েছি। আমাদের ছয়টি দাবির মধ্যে শেষের ৪ টি দাবি সময়সাপেক্ষ হলেও প্রথম দুইটি স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব। এজন্য আমরা প্রশাসনকে ৭২ ঘন্টা সময় দিয়েছি। ৭২ ঘন্টার মধ্যে প্রশাসনকে অভিযুক্তের পরিচয় শনাক্ত করতে হবে এবং এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে।


ইতিহাস বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন, আমাদের প্রশাসনিক ভবন অবরোধের উদ্দেশ্য ছিলো যাতে উপাচার্য স্যার এসে আমাদেরকে এই ঘটনার অগ্রগতি সম্পর্কে জানায়। আমরা স্যারের সাথে কথা বলেছি, আমাদের দাবিগুলো জানিয়েছি এবং ৭২ ঘন্টা সময় দিয়ে আমরা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছি।


সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আমি শিক্ষার্থীদের দাবিগুলোর সাথে একমত। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার বিষয়টি সম্পূর্ণ তদন্ত কমিটির ওপর। তবে আমরা চেষ্টা করবো দ্রুত এই সমস্যাগুলো সমাধান করার জন্য। এই বিষয়ে আমারা আশাবাদী।


উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মে) রাত সোয়া এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় বহিরাগত যুবক কতৃক এক নারী শিক্ষার্থীকে জোরপূর্ক ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে৷


সম্পর্কিত খবর