ক্যাম্পাস

রাবিতে প্রথমবারের মতো চালু হলো স্টারলিংক নেটওয়ার্ক

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

রাবিতে প্রথমবারের মতো চালু হলো স্টারলিংক নেটওয়ার্ক- খবরের থাম্বনেইল ফটো

উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘স্টারলিংক নেটওয়ার্ক’। রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ৪১৭ নম্বর কক্ষে অবস্থিত সিআইআরবিএএস (সেন্টার ফর ইন্টিগ্রেটেড রিসার্চ ফর বিজনেস অ্যান্ড সোসাইটি) রিসার্চ ল্যাবের উদ্যোগে এই নেটওয়ার্ক স্থাপন করা হয়।


সিআইআরবিএএসের সদস্য আকাশ পিয়াম, মোস্তাকিম রশিদ, আশরাফ পারভেজ ও সোহেল রানাসহ অন্যান্যদের যৌথ প্রচেষ্টায় এবং বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও সিআইআরবিএএসের সেক্রেটারি ড. শাওন উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে নেটওয়ার্কটি সফলভাবে চালু করা হয়।


গবেষণায় এই নেটওয়ার্কের প্রভাব নিয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আকাশ রহমান পিয়াম বলেন, ‘আমরা চেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ আধুনিক প্রযুক্তিগত সুবিধা গ্রহণের সুযোগ পাক। এই নেটওয়ার্ক উচ্চতর গবেষণা, অনলাইন তথ্য সংগ্রহ, আন্তর্জাতিক জার্নালে প্রবেশাধিকার এবং ভার্চুয়াল বৈশ্বিক সহযোগিতাকে আরও সহজ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ নতুন মাত্রা পাবে।'


এ বিষয়ে ড. শাওন উদ্দিন বলেন, ‘বর্তমান বিশ্ব অত্যন্ত দ্রুতগতিতে ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সমসাময়িক গবেষণা, বিশ্বব্যাপী জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। আমরা এই আধুনিক নেটওয়ার্ক সেবা সবার জন্য উন্মুক্ত রাখতে চাই, যাতে এর সুফল সবাই পেতে পারে।'


সম্পর্কিত খবর