জাতীয়
প্রবাসীদের অংশগ্রহণে রাষ্ট্র সংস্কার ও গণভোট বাস্তবায়নে কুয়ালালামপুরে আলোচনা সভা

রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুয়ালালামপুরের রাধুনী বিলাস রেস্টুরেন্টে আয়োজিত এ সভার আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক প্রকৌশলী এনামুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ডায়াস্পোরা সেল সম্পাদক আলাউদ্দীন মোহাম্মদ।
বক্তারা রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত সব নাগরিকের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য।
প্রধান আলোচক আলাউদ্দীন মোহাম্মদ বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিই নন, বরং রাষ্ট্র গঠন ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় প্রবাসীদের মতামত ও অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী এনামুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি কার্যকর রাষ্ট্র কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মালয়েশিয়া এনসিপির সদস্য সচিব আলম রওশন, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমডি রুহুল আমিন সরকারসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








