ক্যাম্পাস

রাবিতে গ্রীন ভয়েসের প্রীতি পরিবেশ বিতর্কের সমাপনী অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

রাবিতে গ্রীন ভয়েসের প্রীতি পরিবেশ বিতর্কের সমাপনী অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গ্রীন ভয়েসের আয়োজনে ছাত্রীদের ছয়টি আবাসিক হলের শিক্ষার্থীদের নিয়ে প্রীতি পরিবেশ বিতর্ক ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের সমাপনী পর্বে মন্নুজান হল ও তাপসী রাবেয়া হল মুখোমুখি অংশগ্রহণ করে।


রবিবার (১৭ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে প্রীতি পরিবেশ বিতর্ক ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এই প্রতিযোগিতায় অংশ নেয় ছাত্রীদের ছয়টি হল— মন্নুজান হল, বেগম খালেদা জিয়া হল, তাপসী রাবেয়া হল, রহমতুন্নেসা হল, জুলাই ৩৬ হল এবং রোকেয়া হল। প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের মুখোমুখি হয়ে যুক্তির লড়াইয়ে অংশ নেয়। পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই বিতর্কে অংশগ্রহণকারীরা চমৎকার যুক্তি-তর্ক উপস্থাপন করেন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মর্জিনা বেগম এবং তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ ড. তারান্নুম নাজ।


অতিথিরা তাদের বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে তরুণ প্রজন্মকে সচেতন হতে হবে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের যুক্তিবাদী ও সচেতন করে তোলার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।


গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব বলেন, “ক্যাম্পাসকে একটি পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে আমরা নিয়মিত কাজ করছি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পরিবেশের প্রতি আরও আগ্রহী করতে প্রীতি পরিবেশ বিতর্কের আয়োজন করা হয়েছে।”


গ্রীন ভয়েসের বিতর্ক সম্পাদক ইকরার সঞ্চালনায় প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের সনদপত্র এবং অংশগ্রহণকারী সকল হলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় গ্রীন ভয়েস রাবির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বর্তমান সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক ইরফান, কোষাধ্যক্ষ রাশেদসহ সংশ্লিষ্ট হলগুলোর সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর