ক্যাম্পাস
জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি, কুবি ছাত্রদলের লিফলেট বিতরণ

‘জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ’ শীর্ষক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।
রবিবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে বলা হয়, গণভোটের ‘খ’ নং প্রশ্নে “জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে আসন বণ্টন” এবং “সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন”–সংক্রান্ত বিষয়গুলো জুলাই সনদের ঐকমত্যের অন্তর্ভুক্ত নয়। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষরের সময় এসব বিষয়ে আপত্তি জানিয়েছিল, যা সনদে উল্লেখ রয়েছে।
এতে আরও বলা হয়, বিএনপি সংসদের আসন সংখ্যার অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব চায় এবং সংবিধান সংশোধনের মতো কিছু বিষয় উচ্চকক্ষে পাঠানোর বিষয়ে দ্বিমত পোষণ করে। কারণ উচ্চকক্ষ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয়। জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের নোট অনুযায়ী বিএনপির আপত্তি প্রাধান্য পাবে বলেও উল্লেখ করা হয়।
লিফলেটে আরও দাবি করা হয়, গণভোটের ‘গ’ প্রশ্নে “সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি” এবং “বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার” দেওয়ার বিষয়টি ইতোমধ্যে লঙ্ঘিত হয়েছে, যা জুলাই সনদের ২২ ও ২৩ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী।
কুবি ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু কিছু মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না।”
সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, “বিএনপি নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছে, আর জুলাই সনদ সেই সংস্কার প্রস্তাবনারই একটি গুরুত্বপূর্ণ অংশ। বিএনপি এর বাস্তবায়নে বদ্ধপরিকর। তবে কিছু রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াত ও এনসিপি জনগণ ও ছাত্রসমাজের মধ্যে অপপ্রচার চালাচ্ছে যে বিএনপি জুলাই সনদের পক্ষে নয়, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, “দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার সচেষ্টভাবে কাজ করবে। তবে বিএনপির অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে ছাত্রসমাজকে প্রভাবিত করার যে অপতৎপরতা চলছে, তা রাজনৈতিক স্বার্থসিদ্ধির ছাড়া কিছুই নয়।”








