ক্যাম্পাস

জুলাই সনদ নিয়ে দেশবিরোধী অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

জুলাই সনদ নিয়ে দেশবিরোধী অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ- খবরের থাম্বনেইল ফটো

জুলাই সনদ বাস্তবায়ন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা এবং দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং জুলাই সনদ ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরেন।


সোমবার (১৮ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এ সময় ছাত্রদল নেতারা বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা চলছে। তবে একটি দেশবিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে সরকারের ইতিবাচক ভূমিকা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।


শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মিঠু বলেন, “জুলাই সনদ ও গণভোট নিয়ে শিক্ষার্থীরা যেন অপব্যাখ্যা থেকে দূরে থাকতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু রাবি নয়, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও সাধারণ মানুষের কাছে এ বার্তা পৌঁছে দিতে চায় যে জুলাই সনদ একটি মীমাংসিত বিষয়।”


তিনি আরও বলেন, “৫ আগস্টের পর রাষ্ট্র যখন একটি অসাংবিধানিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে একটি দিকনির্দেশনামূলক গাইডলাইন প্রয়োজন ছিল। সেই প্রেক্ষাপটে জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। বিএনপি জুলাই সনদকে ধারণ করেই সবার আগে তাদের নির্বাচনী ইশতেহারে এটি অন্তর্ভুক্ত করেছিল।”


শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, “বিএনপি সরকার যেসব কাজ বাস্তবায়নের অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নে আপনারা সোচ্চার থেকে সহযোগিতা করবেন। আপনারা দেশ পরিচালনার জন্য যে দায়িত্ব দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করব।”


তিনি বলেন, “যখন জামায়াত ও এনসিপি নিজেদের অবস্থান স্পষ্ট করতে দ্বিধাগ্রস্ত ছিল, তখন বিএনপি রাষ্ট্র কীভাবে এগোবে, সে বিষয়ে পরিকল্পনা করে জাতির সামনে তা উপস্থাপন করেছে।”


শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের ৬৫০টি সংস্কার প্রস্তাবের অধিকাংশের সঙ্গেই বিএনপি একমত।”


তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর জামায়াত ও এনসিপি জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে। কখনও গণভোট, কখনও গণপরিষদ নিয়ে তারা জনগণের মধ্যে ভুল বার্তা ছড়িয়েছে। তারা মুখে এক কথা বললেও বাস্তবে অন্য আচরণ করছে।”


তিনি অভিযোগ করেন, “জামায়াত ও এনসিপি একটি মীমাংসিত বিষয়কে কেন্দ্র করে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি ইতোমধ্যে জুলাই সনদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে।”


সম্পর্কিত খবর