ক্যাম্পাস
ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি উদ্বোধন, নিরাপত্তা জোরদারে কুয়েট প্রশাসনের নতুন উদ্যোগ
সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে ‘পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নতুন এই ফাঁড়ি।
সোমবার (১৮ মে) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ ফাঁড়িটির উদ্বোধন করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন এই পুলিশ ফাঁড়ি চালুর ফলে ক্যাম্পাস ও আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা পাওয়া সহজতর হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে একটি টিনশেড ঘরকে অস্থায়ী ক্যাম্প হিসেবে পরিচালনা করা হবে। একইসঙ্গে স্থায়ী পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। খুব শিগগিরই স্থায়ী ক্যাম্প নির্মাণের কাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, এ উদ্যোগ কুয়েটে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।








