ক্যাম্পাস
রাবি ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি মুকিত, সম্পাদক প্রণব

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছায়া জাতিসংঘ সংস্থার (আরইউমুনা) ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকিত আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী প্রণব কুমার সাহা।
সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত সাধারণ বার্ষিক পরিষদে ১৩ সদস্যের এই কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক সুমাইয়া আক্তার আলো ও মশিউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত ও আফ্রিদা বিনতে ইকবাল।
এছাড়াও সংগঠন পরিচালনার জন্য সাতজন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন মো. বায়েজীদ হোসেন, আফসানা মীম, আল হাবিব, আরমান হোসেন, রাইয়ান বিনতে হাবিব, আবুল কালাম রকিব এবং পাইংপ্রু মারমা।
বার্ষিক কাউন্সিলে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আতিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি দেওয়ান বাঁধন এবং সাবেক সাধারণ সম্পাদক ইরফান সরোয়ার জীবন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মুকিত আলম বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংগঠনটি প্রতি বছর বিভিন্ন কনফারেন্স ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ধারাবাহিকতা বজায় রেখে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সংগঠনের অগ্রগতি ও কার্যক্রম এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাবে।”
সাধারণ সম্পাদক প্রণব কুমার সাহা বলেন, “সংগঠনটি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন সম্মেলনের মাধ্যমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও কাজ করে থাকে। সংগঠনের সফলতা সদস্যদের পারস্পরিক সমন্বয়ের ওপর নির্ভর করে। আশা করি, ভবিষ্যতে সংগঠনটিকে আরও এগিয়ে নিতে পারবো।”
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা (আরইউমুনা) ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের মাঝে কূটনীতি চর্চার মাধ্যমে তাদের দক্ষতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে আসছে।








