ক্যাম্পাস

কুয়েট শিক্ষার্থী সায়েম ফেরদৌসের জানাজা সম্পন্ন, দোয়া মাহফিলে শোকস্তব্ধ ক্যাম্পাস

কুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

কুয়েট শিক্ষার্থী সায়েম ফেরদৌসের জানাজা সম্পন্ন, দোয়া মাহফিলে শোকস্তব্ধ ক্যাম্পাস- খবরের থাম্বনেইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী এস. এম. সায়েম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০)-এর জানাজা সোমবার (১৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো কুয়েট ক্যাম্পাস।


জানাজায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, পরিচালক (ছাত্র কল্যাণ), বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সায়েম ফেরদৌসের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, রবিবার (১৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে সাঁতার কাটার সময় তিনি পানিতে তলিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত সহপাঠীরা দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে সোমবার (১৮ মে) কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুরো ক্যাম্পাসজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করে।


পরে রাত নয়টার দিকে সায়েম ফেরদৌসের দ্বিতীয় জানাজা তার শৈশবের বিদ্যাপীঠ পাবনা জিলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পাবনা সদরের আরিফপুর কবরস্থানে দাফন করা হয়। দ্বিতীয় জানাজা ও দাফানকার্যেও কুয়েট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সায়েমের শিক্ষক এবং সহপাঠীরা উপস্থিত ছিলেন।


এদিকে, সায়েম ফেরদৌসের রূহের মাগফিরাত কামনায় মঙ্গলবার কুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজের পর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পরে সায়েম ফেরদৌসের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


সম্পর্কিত খবর