ক্যাম্পাস

চাকসুর উদ্যোগে ‘জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চবি প্রতিনিধি

শেয়ারঃ

চাকসুর উদ্যোগে ‘জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে চাকসু ভবনের ভিপি কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং জিএস সাঈদ বিন হাবিব।


প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। তিনি এ আন্দোলনকে ছাত্র, কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সর্বস্তরের জনগণের সম্মিলিত আন্দোলন হিসেবে উল্লেখ করেন।


তিনি আরও বলেন, অতীতে স্বৈরাচারী শাসনামলে ছাত্র সংসদগুলো কার্যকর ছিল না এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবৈধভাবে অছাত্ররা অবস্থান করত। জুলাই-পরবর্তী সময়ে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে তিনি মন্তব্য করেন।


শিক্ষার্থীদের আধুনিক, মানবিক ও নৈতিকতাসম্পন্ন জ্ঞান অর্জনের আহ্বান জানিয়ে তিনি জুলাইয়ের চেতনাকে ধারণ করার পরামর্শ দেন। পাশাপাশি ভবিষ্যতে কোনো ধরনের ফ্যাসিবাদী প্রবণতা দেখা দিলে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন (আহনাফ)।


বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের সাহিত্য প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের মতে, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন। এতে চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর