ক্যাম্পাস

ঈদুল আজহা উপলক্ষে বিভাগীয় শহরে ফ্রি বাস সার্ভিস চায় চাকসু

চবি প্রতিনিধি

শেয়ারঃ

ঈদুল আজহা উপলক্ষে বিভাগীয় শহরে ফ্রি বাস সার্ভিস চায় চাকসু- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ঈদযাত্রা সহজ করতে বিভাগীয় শহরগুলোতে ফ্রি বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।


মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিনের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেন চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা।


এ সময় উপস্থিত ছিলেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব এবং সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান।


স্মারকলিপিতে চাকসুর পক্ষ থেকে বলা হয়, প্রতি বছর ঈদের সময় সাধারণ পরিবহনগুলোতে টিকিটের তীব্র সংকট দেখা দেয় এবং যাতায়াত অত্যন্ত দুর্ভোগপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে ছাত্রী ও দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত টিকিট পাওয়া এবং অতিরিক্ত ভাড়া বহন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।


চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, “বর্তমান সময়ে যানজট এবং পথে নানা ধরনের ভোগান্তির আশঙ্কায় শিক্ষার্থীরা উদ্বিগ্ন। তাই শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়ভাবে বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিভাগীয় শহরগুলোতে বিশেষ ফ্রি বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছি।”


তিনি আরও বলেন, “এ ছাড়া আগামী ২২ ও ২৩ মে (শুক্রবার ও শনিবার) ক্যাম্পাস থেকে শহরমুখী বিকেল ৫টা ৩০ মিনিটের বাস চালু রাখা অত্যন্ত জরুরি।”


সম্পর্কিত খবর