জাতীয়
আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলেও সরকার স্বীকার করে না

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার বারবার দাবি করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়নি।
মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসির ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, “যদি সত্যিই পরিস্থিতি ভালো হয়, তাহলে মানুষ ঘরে, বাইরে কিংবা কর্মস্থলে কোথাও নিরাপদ নয় কেন?” তিনি অভিযোগ করেন, সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার না করে জনগণকে বিভ্রান্ত করছে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে, যার চূড়ান্ত ক্ষতি ভোগ করবে সাধারণ জনগণ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
এর আগে তিনি হাসপাতালে গিয়ে আহত চিকিৎসক ডা. নাসির ইসলামের শারীরিক অবস্থা পরিদর্শন করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি চিকিৎসকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং রোগীর সুস্থতা কামনায় দোয়া করেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত এক রোগী শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার আগেই রোগীর মৃত্যু হয়।
এরপর চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে রোগীর স্বজন ও বহিরাগতরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে গুরুতর আহত হন ডা. নাসির ইসলাম। পরে তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে শনিবার এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।








