ক্যাম্পাস
প্রভোস্টের বিরুদ্ধে প্রশাসনিক ‘অসহযোগিতার’ অভিযোগ, চবির আলাওল হল অফিসে তালা

হল প্রভোস্টের বিতর্কিত আচরণ ও প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের অফিসকক্ষে তালা লাগিয়েছেন হলটির ছাত্রসংসদের নেতারা।
বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে হলের নিচতলার অফিসকক্ষে তালা লাগানো হয় বলে নিশ্চিত করেছেন ছাত্রসংসদের সাধারণ সম্পাদক নুরুন্নবী।
মুঠোফোনে নুরুন্নবী বলেন, নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরি দায়িত্ব নেওয়ার ১৫ দিন পার হলেও এখনো হল সংসদের নেতৃবৃন্দের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠকে বসেননি। তিনি আমাদের জানিয়েছেন, হল সংসদের সঙ্গে মিটিং করা হবে না, কারণ এসব বৈঠকে চা-নাস্তার খরচ হয়, যার জন্য কোনো বাজেট নেই।
হল সংসদের অভিযোগ, নতুন প্রভোস্ট শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করছেন না। ডাইনিংসহ নানা বিষয়ে একাধিকবার তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করা হলেও তিনি বিষয়গুলো গুরুত্ব দিচ্ছেন না। এমনকি, পরবর্তী সময়ে সাক্ষাৎ করতে গেলে তিনি অনেক সম্পাদককে চিনতে পারেন না বলেও অভিযোগ করেন ছাত্রনেতারা।
সংসদের অন্যান্য সম্পাদকদের দাবি, প্রভোস্টের অনুমতি ছাড়া কোনো ক্লাব কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। পাশাপাশি ছোটখাটো সমস্যারও সমাধান হচ্ছে না। তারা জানান, প্রভোস্ট রাতে হলে অবস্থান করলেও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের জন্য সময় দেন না; বরং পরদিন সকালেই হল ত্যাগ করেন।
নুরুন্নবী আরও বলেন, প্রভোস্টের বিরুদ্ধে ঠিকাদার ও হল স্টাফদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। এর ফলে স্টাফদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে এবং প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদে শিক্ষার্থীরা হল অফিসে তালা লাগিয়েছেন।
এ বিষয়ে দুপুর ১২টার দিকে যোগাযোগ করা হলে আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরি বলেন, “আমি এখন কথা বলতে পারব না। মিটিংয়ে আছি। পরে যোগাযোগ করুন।” এরপর তিনি ফোন কেটে দেন।








