ক্যাম্পাস
যবিপ্রবিতে বিজ্ঞান শিক্ষায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের ব্যবধান পূরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কেকুলিওন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (কেআরটিসি)-এর আয়োজনে ‘বাংলাদেশে বিজ্ঞান শিক্ষায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের মধ্যবর্তী ব্যবধান পূরণ’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে বিজ্ঞান শিক্ষায় তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার মধ্যে বিদ্যমান ব্যবধান কীভাবে কমিয়ে শিক্ষাকে আরও ব্যবহারিক ও গবেষণাভিত্তিক করা যায়—তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানরা।
ড. মো. রাফিউল হাসান বলেন, “দেশব্যাপী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গবেষণার প্রতি উৎসাহিত করতে কেআরটিসি’র এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমাদের দেশের শিক্ষার্থীরা সত্যিই মেধাবী ও কর্মঠ। তবে পর্যাপ্ত দিকনির্দেশনা ও সুযোগের অভাবে তারা গবেষণায় পিছিয়ে পড়ছে। অথচ এসব শিক্ষার্থীরাই বিদেশে স্কলারশিপ নিয়ে অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে সফলতা অর্জন করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পর্যাপ্ত সুযোগ তৈরি করা গেলে শিক্ষার্থীরা আরও বেশি ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারবে। আশা করি, সরকার এ বিষয়ে গুরুত্ব দিয়ে দ্রুতই শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করবে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিলীপ কুমার সরকার এবং ড. শাহ মো. শাহান শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সেমিনারের মূল আলোচক ছিলেন কেআরটিসি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. জাকারিয়া হোসাইন। তিনি বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা পরিস্থিতি, গবেষণা খাতে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ, বিজ্ঞান শিক্ষার্থীদের পেশাগত বিচ্যুতি, তত্ত্ব ও ব্যবহারিক শিক্ষার মধ্যবর্তী ঘাটতি এবং গবেষণাভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।








