ক্যাম্পাস
রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জকসুর বিক্ষোভ

মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
গতকাল (২০ মে) মধ্যরাতে ক্যাম্পাসের মূল ফটকের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি পুরো ক্যাম্পাস ও বিশ্বজিৎ চত্ত্বর প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় জকসু নেতারা বিভিন্ন স্লোগান দেন, যেমন— “আমার বোনকে ধর্ষণ করে, সালাউদ্দিন কী করে”, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই”, “আছিয়া থেকে রামিসা, কোর্ট-কাচারি সব মিথ্যা” ইত্যাদি।
আলোচিত ঘটনায় জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী যদি বিচার করতে না পারেন, তবে পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে যান। বিচার কোথায়? আপনারা বিচার কবে করবেন?”
জকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব বলেন, “আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করছি, যেখানে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে, প্রতিটি ঘণ্টায় আমাদের বোনেরা নির্যাতনের শিকার হচ্ছে। এর বিচার কোথায়?”
জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, “কিছুদিন আগে আপনাদের কেন্দ্রীয় নেতাদের তুষ্ট করতে অল্প বয়সী নারীর কথা বলা হয়েছিল—তার বিচার কি হয়েছে? তাহলে এই সরকার কীভাবে ধর্ষণের বিচার করবে?”
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “পশ্চিমবঙ্গ থেকে এক শিলং বাবার আবির্ভাব হয়েছে। শিলং বাবার প্রেসক্রিপশনে সরকার চলছে। তার প্রধান কাজ বিরোধী দমন করা।”








