ক্যাম্পাস

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৩তম স্থান অর্জন: তুরস্কের ARC 2026 ফাইনালে রুয়েটের “টিম অগ্রদূত”

রুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৩তম স্থান অর্জন: তুরস্কের ARC 2026 ফাইনালে রুয়েটের “টিম অগ্রদূত”- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রোভার গবেষণা ও উদ্ভাবনী সংগঠন “টিম অগ্রদূত” আবারও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোভার প্রতিযোগিতা Anatolian Rover Challenge (ARC) 2026-এ অংশ নিয়ে দলটি বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ১৩তম স্থান অর্জন করেছে। একই সঙ্গে ডিজাইন ক্যাটাগরিতে ৫০-এর মধ্যে ৪৮.৫৯ নম্বর পেয়ে তারা প্রতিযোগিতার অন্যতম সর্বোচ্চ স্কোর অর্জন করে।


জানা গেছে, প্রতিযোগিতার মূল আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত তুরস্কের আঙ্কারায় অবস্থিত Middle East Technical University (METU) ক্যাম্পাসে।


২০১৭ সালে প্রতিষ্ঠিত “টিম অগ্রদূত” শুরু থেকেই দেশি-বিদেশি বিভিন্ন রোভার ও স্পেস রোবোটিক্স প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। ২০১৮ সালের Indian Rover Challenge-এ অংশ নিয়ে দলটি এশিয়ার শীর্ষ প্রতিযোগীদের মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করে। এরপর ২০১৯ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত European Rover Challenge-এ বিশ্বব্যাপী ২৭তম স্থান লাভের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার পরিচয় দেয়।


পরবর্তীতে International Rover Design Challenge (IRDC) 2023-এ দলটি বিশ্বে ১১তম এবং বাংলাদেশে ১ম স্থান অর্জন করে ব্যাপক প্রশংসা কুড়ায়। একই ধারাবাহিকতায় IRDC 2025-এ সেমিফাইনালিস্ট এবং IRC 2025-এ ফাইনালিস্ট হয়ে দেশের অন্যতম সফল রোভার টিম হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।


শুধু প্রতিযোগিতাতেই নয়, বাস্তবমুখী প্রযুক্তি উদ্ভাবনেও দলটির উল্লেখযোগ্য অবদান রয়েছে। ২০২৪ সালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি বোমা নিষ্ক্রিয়করণ রোবট (Bomb Disposal Robot) তৈরি করে, যা তাদের গবেষণা ও প্রকৌশল সক্ষমতার বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হয়।


“টিম অগ্রদূত”-এর মূল লক্ষ্য উন্নতমানের স্বয়ংক্রিয় (Autonomous) রোভার প্রযুক্তি উদ্ভাবন এবং তরুণ প্রকৌশলীদের হাতে-কলমে গবেষণা ও প্রযুক্তি চর্চার সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং ভবিষ্যৎ উদ্ভাবকদের অনুপ্রাণিত করাও তাদের অন্যতম উদ্দেশ্য।


বর্তমানে দলটি ARC 2026-এর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। আধুনিক রোভার ডিজাইন, স্বয়ংক্রিয় নেভিগেশন, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং রিয়েল-টাইম অপারেশন নিয়ে তাদের চলমান গবেষণা ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।


বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এবং তরুণদের উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে “টিম অগ্রদূত”। বিশ্ব রোবোটিক্স অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করাই তাদের মূল লক্ষ্য।


সম্পর্কিত খবর