ক্যাম্পাস

শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

সায়েম, রাবি প্রতিনিধি

শেয়ারঃ

শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন- খবরের থাম্বনেইল ফটো

শিশু রামিসা হত্যাকাণ্ড, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে ছাত্রীসংস্থা রাবি শাখা।


বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে তারা দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।


মানববন্ধনে সমাজকর্ম বিভাগের প্রভাষক রুমানা আক্তার বলেন, “এভাবে যদি চলতে থাকে, তাহলে আমরা কীভাবে আমাদের সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলব? যেখানে আমাদের শিশুরাই নিরাপদ নয়, সেখানে আমরা কীভাবে সমাজের কল্যাণে কাজ করব?”


তিনি আরও বলেন, ধর্ষণকারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে এবং জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ধরনের অপরাধীদের পক্ষে যারা আইনজীবী হিসেবে লড়াই করেন, তাদের প্রতিও তিনি ক্ষোভ প্রকাশ করেন।


মন্নুজান হলের ভিপি সুমাইয়া জাহান বলেন, “মাত্র সাত বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা কোন সমাজে বসবাস করছি? এর আগেও আছিয়াসহ অনেক শিশু হত্যার শিকার হয়েছে। দশ বছর আগে তনুও একইভাবে নির্যাতিত হয়ে নিহত হয়েছিল। নারী ও শিশুদের নিরাপত্তা কোথায়?”


এসময় শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা বলেন, “মাত্র সাত বছরের শিশুর এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করতেই আমরা এখানে দাঁড়িয়েছি। দেশে নিয়মিতভাবে নারী ও শিশুরা নির্যাতন, ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে, যার একটি উদাহরণ রামিসা হত্যাকাণ্ড।”


তিনি আরও বলেন, “ঘটনার পর মামলা ও গ্রেফতার হলেও অনেক ক্ষেত্রেই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় না। এই বিচারহীনতাই এ ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, চিহ্নিত অপরাধীদের দ্রুত ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।”


মানববন্ধনে নারী শিক্ষার্থীরা এবং ছাত্রীসংস্থার বিভিন্ন হল, অনুষদ ও বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর