জাতীয়
ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে ঝিনাইদহ জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদ থেকে বের হওয়ার পর এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।
হামলার ঘটনার পর শুক্রবার বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। পোস্টে তিনি অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালায়।
তিনি দাবি করেন, হামলাকারীরা প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে তাদের অন্তত তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। এ সময় তাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয় বলে উল্লেখ করেন তিনি।
নাসীরুদ্দীন আরও অভিযোগ করেন, হামলার সময় তাদের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার পর তারা বর্তমানে থানায় অবস্থান করছেন জানিয়ে এনসিপির এই নেতা বলেন, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা থানার সামনেও হামলার প্রস্তুতি নিচ্ছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত ছাত্রদল, যুবদল বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।







