ক্যাম্পাস
জাবিতে প্রথমবারের মতো নারী নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো নারী নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৫ জন গার্ড নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ১০টি পদে পুরুষ গার্ড এবং ৫টি পদে প্রথমবারের মতো নারী গার্ড নিয়োগ দেয়া হবে।
উভয় পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস চাওয়া হয়েছে। তবে এসএসসি বা এইচএসসি পাসসহ আনসার ট্রেনিং প্রাপ্ত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (jobs.juniv.edu)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
এর আগে ১৪ মে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হবে।
এ ক্ষেত্রে শারীরিকভাবে সক্ষম ও নিরাপত্তা কাজে অভিজ্ঞ নারী ও পুরুষ—উভয় প্রার্থীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত ১২ মে রাতে ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার পর থেকে ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিতে টানা আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অন্যতম প্রধান একটি অভিযোগ ছিল ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী না থাকা, বিশেষ করে নারী নিরাপত্তাকর্মীর শূন্যতা।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবং সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই প্রশাসন প্রথমবারের মতো নারী গার্ড নিয়োগের এই পদক্ষেপ গ্রহণ করেছে।








