ক্যাম্পাস

ঈদযাত্রায় শিক্ষার্থীদের জন্য বাস সুবিধা দিতে ব্যর্থ রাবি প্রশাসন; শিক্ষার্থীদের ক্ষোভ

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

ঈদযাত্রায় শিক্ষার্থীদের জন্য বাস সুবিধা দিতে ব্যর্থ রাবি প্রশাসন; শিক্ষার্থীদের ক্ষোভ - খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এমন কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।


দেশের একাধিক বিশ্ববিদ্যালয় ঈদযাত্রায় শিক্ষার্থীদের নিরাপদ বাড়ি ফেরা নিশ্চিত করতে অতিরিক্ত বাস ও বিশেষ ট্রিপের ব্যবস্থা করেছে। তবে দেশের অন্যতম বৃহৎ বিদ্যাপীঠ রাবিতে এ ধরনের কোনো উদ্যোগ না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।


শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন সীমিত পরিসরে চলাচল করা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের জন্য ব্যবহার না করা প্রশাসনের উদাসীনতার প্রতিফলন।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, “রাবির বাসগুলো বিয়ের মতো ব্যক্তিগত বা অন্যান্য কাজে অনুমোদন পেলেও শিক্ষার্থীদের ঈদযাত্রার জন্য অনুমতি দিতে প্রশাসনের অনাগ্রহ দেখা যায়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও রাকসুর আরও কার্যকর ভূমিকা প্রয়োজন ছিল।”


আরেক শিক্ষার্থী আওয়াল রাসেল বলেন, “চাইলেই ঈদে বাড়ি ফেরার জন্য বিশেষ বাস চালু করা যেত। কিন্তু প্রশাসনের অমনোযোগের কারণে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে।”


রাবি শিক্ষার্থী রকিব রাফসান বলেন, “রাকসু এখন বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেই সীমাবদ্ধ। শিক্ষার্থীদের মৌলিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা দেখা যায় না।”


এ বিষয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দীন আম্মার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ঈদযাত্রার জন্য বিশেষ বাস চালুর বিষয়ে পরিবহন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীর বাইরে বাস চালানোর অনুমতি কেবল উপাচার্যের এখতিয়ারভুক্ত।


তিনি বলেন, “ভিসি স্যার দেশের বাইরে থাকায় অনুমতি পাওয়া যায়নি। এমনকি জ্বালানি খরচ রাকসু বহন করার প্রস্তাব দিলেও প্রশাসনিক জটিলতায় উদ্যোগটি বাস্তবায়ন হয়নি।”


এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।


নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, “এ বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না। বিষয়টি উপাচার্য স্যার দেশে ফিরলে জানা যাবে।”


সম্পর্কিত খবর