জাতীয়
আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ঈদের ছুটি শুরু

নানা আলোচনা–সমালোচনার পর অবশেষে আজ শনিবার (২৩ মে) থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হচ্ছে। পূর্বে শনিবার স্কুল খোলা রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (২২ মে) রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া। তিনি জানান, শনিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হবে এবং আগামী ৬ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
এর আগে গত ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে বলা হয়েছিল, রোজা ও ঈদের ছুটির পর শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে টানা ১০ শনিবার শ্রেণিকক্ষে পাঠদান চালু থাকবে। রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বিরোধিতা করেন শিক্ষকরা। তারা লিখিতভাবে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানান। পরবর্তীতে সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করে ঈদের আগের শনিবারও সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেয় মন্ত্রণালয়।








