জাতীয়
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত–বিএনপি সংঘর্ষ, আহত ৮

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আহত পাঁচজনের নাম জানা গেছে। তাঁরা হলেন—জামায়াত নেতা রবিউল হোসেন রকি, জাকারিয়া রাসেল, কাজী রাসেল, ছাত্রশিবির নেতা রিফাত সানি এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি সোলেমান চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর একটি জনসভা অনুষ্ঠিত হয়। দুপুরে সমাবেশ শেষে নেতাকর্মীরা ফেরার পথে হাটবাইর গ্রামে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গিয়ে ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করে বলেন, ‘সমাবেশ শেষে ফেরার পথে আমাদের নেতাকর্মীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীদের হাতে লাঠি, রড ও আগ্নেয়াস্ত্র ছিল। ইট ও রডের আঘাতে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হন।’
অন্যদিকে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মীদের দাবি, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হাটবাইর গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশের একটি দল ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।’
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানান তিনি।








