ক্যাম্পাস
বগুড়ায় নিজ বাড়িতে খুন রুয়েট শিক্ষার্থীর মা

বগুড়ার গাবতলী উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা দক্ষিণপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রীতা রানী মজুমদার স্থানীয় বাসিন্দা বিধান চন্দ্র রায় (মজুমদার)-এর স্ত্রী। তাদের ছেলে বিশ্বজিৎ মজুমদার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তাদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। পড়াশোনা ও চাকরির কারণে সন্তানরা ঢাকায় অবস্থান করায় বাড়িতে শুধু স্বামী-স্ত্রী বসবাস করতেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার শেষে রীতা রানী নিজ কক্ষে ঘুমাতে যান। তার স্বামী ধর্মীয় অনুশীলনের জন্য পাশের ঘরে ছিলেন এবং সেখানেই ঘুমিয়ে পড়েন। রাত ১২টার পর দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে পাশের ঘর থেকে স্ত্রীর গোঙানির শব্দ শুনে তিনি দ্রুত সেখানে ছুটে যান।
ঘরের ভেতরে প্রবেশ করে আলো জ্বালানোর পর মেঝেতে রক্তাক্ত অবস্থায় স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন বিধান চন্দ্র রায়। এ সময় স্থানীয়রা ছুটে এলেও হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়ির প্রধান দরজা খোলা ছিল বলে জানা গেছে।
খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাবতলী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে গুরুত্বসহকারে তদন্ত চলছে।
এদিকে, নিহতের ছেলে বিশ্বজিৎ মজুমদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে তার সহপাঠী তুষার জানান, ঘটনার রাতে বিশ্বজিৎ হঠাৎ চিৎকার করে ওঠেন এবং পরে রুমমেটদের মাধ্যমে পরিবারের এই মর্মান্তিক ঘটনার খবর জানতে পারেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় বিশ্বজিৎ ও তার বোনকে ওই রাতেই বগুড়ার উদ্দেশ্যে পাঠানো হয়।
তুষারের ভাষ্য অনুযায়ী, গ্রামে পূজাকে কেন্দ্র করে পূর্বের একটি বিরোধ নিয়ে বিশ্বজিতের পরিবারকে জড়ানোর চেষ্টা হয়েছিল। তবে এ বিষয়ে এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে কাউকে শনাক্ত বা আটক করার তথ্য জানায়নি। ইতোমধ্যে নিহতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।






