ক্যাম্পাস
কুয়েট শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীর ওপর স্থানীয় যুবদল নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে খুলনা নগরীর ফুলবাড়ীগেট বাস কাউন্টার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এই ঘটনায় আহত শিক্ষার্থী ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
আহত শিক্ষার্থীর নাম জাহিদুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থী।
ভুক্তভোগী জাহিদুর রহমানের অভিযোগ, বাসায় যাওয়ার উদ্দেশ্যে ফুলবাড়ীগেট এলাকায় বাসের টিকিট কাটতে গেলে খান জাহান আলী থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মাসুম, তার অনুসারী শুভ এবং খান জাহান আলী থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রবিউল ইসলামসহ কয়েকজন তার পথরোধ করেন। এ সময় তারা তার মোবাইল ফোন দেখতে চান এবং কতগুলো ফেসবুক আইডি ব্যবহার করেন সে বিষয়ে জিজ্ঞাসা করেন।
জাহিদুর রহমান জানান, তিনি কয়েক মাস ধরে ফেসবুক ব্যবহার করছেন না এবং তার আইডি ডিঅ্যাক্টিভেট করা রয়েছে বলে জানানোর পর শুভসহ কয়েকজন তার ফোন কেড়ে নেন। পরে তাকে একটি দোকানের পেছনে নিয়ে কাঠের লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
তিনি আরও অভিযোগ করেন, সেখান থেকে বের হয়ে বাস কাউন্টারের সামনে আসার চেষ্টা করলে আরও কয়েকজন তাকে ধরে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করে। এ সময় ঘটনাস্থলে লোকজন জড়ো হলে হামলাকারীরা তাকে চোর বলে দাবি করে। পরে তিনি নিজেকে কুয়েটের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে সেখান থেকে বের করে দেন। এমনকি সিএনজিতে ওঠানোর সময়ও তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, এর আগেও যুবদল নেতা মাসুমের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছিল ব
লে জানা গেছে।







