ক্যাম্পাস

জবি প্রেসক্লাবের সভাপতি মুসফিক, সাধারণ সম্পাদক লিমন

জবি প্রতিনিধি

শেয়ারঃ

জবি প্রেসক্লাবের সভাপতি মুসফিক, সাধারণ সম্পাদক লিমন- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মুসফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে আমার দেশ পত্রিকার লিমন ইসলাম নির্বাচিত হয়েছেন।


বৃহস্পতিবার (২১ মে) প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


তিনি বলেন, “অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ার সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মুসফিকুর রহমান সভাপতি এবং লিমন ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।”


সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বার্তা২৪-এর সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাইজিং বিডির নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপালী বাংলাদেশের সিয়াম আবু রাফি এবং অর্থ সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের কামরুজ্জামান কায়েস।


এছাড়া দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দ্য ঢাকা ডায়েরির মো. রোকুনুজ্জামান গোলাম রাব্বী এবং কার্যনির্বাহী সদস্য পদে দ্য স্টুডেন্ট জার্নালের রাকিব খান ও দৈনিক খবর বেলার রাকিব মাজহার নির্বাচিত হয়েছেন।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিমন ইসলাম বলেন, “সহকর্মীরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, সেটি বড় দায়িত্ব। আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নতুন সদস্যদের সহযোগিতা করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করবো।”


নবনির্বাচিত সভাপতি মুসফিকুর রহমান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়; এটি বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রতীক। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ, গতিশীল ও কার্যকর প্রেসক্লাব গড়ে তুলতে কাজ করবো। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং ক্যাম্পাসের ইতিবাচক সংবাদ তুলে ধরতে আমরা গুরুত্ব দেব।”


এর আগে ১৭ মে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সদস্যদের পরামর্শ ও নির্বাচন সমন্বয়কের সুপারিশক্রমে জবি প্রেসক্লাবের উপদেষ্টা তাইফুর রহমান তমালকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। পরে ১৮ মে তফসিল ঘোষণা এবং ১৯ মে মনোনয়নপত্র গ্রহণ ও প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়।


সম্পর্কিত খবর