ক্যাম্পাস
রাবিতে শব্দকলার আয়োজনে নজরুল স্মরণে আলোচনা, গান ও কবিতা পাঠ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জুলাই গণ-অভ্যুত্থানে কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আলোচনা, গান ও কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘শব্দকলা রাজশাহী বিশ্ববিদ্যালয়’।
রোববার (২৪ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়–এর ড. মুহম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন মানবমুক্তির কণ্ঠস্বর। তিনি যেমন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে ছিলেন বজ্রকঠিন, তেমনি মানবিক মূল্যবোধে জারিত এক প্রেমময় কবিপুরুষ। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানবিরোধী আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান—সব আন্দোলন-সংগ্রামেই তার সাহিত্য ও চেতনা মানুষকে অনুপ্রাণিত করেছে।
বক্তারা আরও বলেন, কাজী নজরুল ইসলাম শারীরিকভাবে পৃথিবী ছেড়ে গেলেও মানবতার কল্যাণে তার চিন্তা ও আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। পৃথিবীতে যতদিন বৈষম্য থাকবে, ততদিন নজরুলও প্রাসঙ্গিক থাকবেন।
অনুষ্ঠানে নজরুলের কবিতা ও গান পরিবেশন করেন শিল্পী শামসুল ইসলাম, জাকারিয়া জয়াস, ইমরান হাসান ও ইবরাহিম প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন শব্দকলার সম্পাদক, কবি ও গবেষক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান অতিথি ছিলেন রাবির আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. কামাল উদ্দিন প্রধান। প্রধান আলোচক ছিলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাহমিনা বেগম।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি সোহেল করিম দীপু, কবি সেলিম আল সাঈদ ও শিশু সাহিত্যিক সুফিয়া ডেইজি প্রমুখ।








