ক্যাম্পাস

জাকসুর উদ্যোগে বাস সেবা, ঈদযাত্রায় ভোগান্তি কমেছে শিক্ষার্থীদের

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

জাকসুর উদ্যোগে বাস সেবা, ঈদযাত্রায় ভোগান্তি কমেছে শিক্ষার্থীদের- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ ও নিরাপদ করতে বিশেষ বাস সেবার উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। এ উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে সরাসরি যাতায়াতের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। গত ২৩ মে থেকে প্রতিদিন নিয়মিত বিভিন্ন শহরে যাচ্ছে শিক্ষার্থী বাস।


‎জাকসু সূত্রে ‎জানা গেছে, গত বছরের দুর্গাপূজার ছুটি ও চলতি বছরের ঈদুল ফিতরে নেয়া সফল উদ্যোগের ধারাবাহিকতায় এবারো শিক্ষার্থীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ বিশেষ পরিবহন কার্যক্রম হাতে নিয়েছে জাকসু। শিক্ষার্থীদের চাহিদা ও সুবিধা বিবেচনায় বিভিন্ন জেলা ও বিভাগীয় সমিতির সহযোগিতায় ক্যাম্পাস থেকে বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা ও নোয়াখালীগামী বাসের ব্যবস্থা করা হয়েছে। তবে অঞ্চলভেদে থাকছে নির্দিষ্ট ভাড়া।


‎জাকসুর পরিবহন ও যোগাযোগ সম্পাদক মো: তানভীর রহমান বলেন, শিক্ষার্থীদের কল্যাণে পরিবহন ব্যবস্থায় যথাযথ পরিবর্তন আনতে জাকসু কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৬ বছরের ইতিহাসে সবচেয়ে ভ্রমণবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। দেশের মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই দুই ঈদের দিন ছাড়া বছরের ৩৬৩ দিন শিক্ষার্থীদের পরিবহন সেবা চালু থাকে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।


‎তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো জাবি ক্যাম্পাস থেকে সরাসরি বিভাগীয় শহর পর্যন্ত বাসসেবার ধারণা চালু করে জাকসু। গত বছরের পূজার ছুটি, এ বছরের ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। হল থেকে বের হয়েই নিজ জেলার বাসে উঠতে পারার স্বস্তি, এটিকে আমরা জাকসুর বড় অর্জন মনে করি।


‎শিক্ষার্থীরা মনে করছেন, জাকসুর এ উদ্যোগ তাদের ঈদযাত্রাকে শুধু সহজই করবে না, বরং অতিরিক্ত খরচ ও ভোগান্তি কমিয়ে বাড়ি ফেরা আনন্দময় হবে।


আইআইটি ৫০ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, ঈদকে কেন্দ্র করে রাস্তায় যানজট সৃষ্টির পাশাপাশি অনেক দুর্ঘটনা ঘটে। গত ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায়ও মৃতের সংখ্যা অনেক। এক্ষেত্রে ক্যাম্পাস বাস কিছুটা হলেও নিরাপদ। তাছাড়া ভালো-খারাপ পরিস্থিতিতে নিজ ক্যাম্পাসের ভাই-ব্রাদাররা পাশে থাকবে, তাই ভয় কম।


আরেক শিক্ষার্থী নুসাইবা জামান বলেন, বাড়ি থেকে অল্প দূরেই আমি ক্যাম্পাস বাস থেকে নামবো। অন্যান্য সময় নানা ধরণের ভয়-ভীতি কাজ করলেও এবার সেটা হচ্ছে না। বিশেষ করে, যানবাহনে নারীদের নানাভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে, সেই শঙ্কা মোটেও এবার নেই। কারণ আমি আমার পরিচিত মানুষদের সাথে বাড়ি যাচ্ছি।


সম্পর্কিত খবর