ক্যাম্পাস
নাড়ির টানে বাড়ি নয়, ক্যাম্পাস পাহারায় গোবিপ্রবির নিরাপত্তাকর্মীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রিয়জনের কাছে ফিরছেন, ঠিক তখনই পরিবারের সান্নিধ্যে না থেকে দায়িত্ব পালন করছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩২ জন আনসার সদস্য।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে কর্মরত মোট ৪০ জন আনসার সদস্যের মধ্যে ৩২ জনই এবার ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সুযোগ পাননি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা ক্যাম্পাসেই দায়িত্ব পালন করছেন।
ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয় প্রায় ফাঁকা হয়ে গেলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা রাখা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খালি রাস্তা, নির্জন আবাসিক হল এবং বন্ধ একাডেমিক ভবনের মাঝেও নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা।
আনসার সদস্য মো. কাউছার আহমেদ বলেন, ঈদের সময় পরিবারের সঙ্গে থাকতে ইচ্ছে করে। কিন্তু দায়িত্বের কথা ভেবে ক্যাম্পাসেই থাকতে হচ্ছে। আমরা দায়িত্বে থাকি বলেই অন্যরা নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারে।
নিরাপত্তাকর্মী মো. জাহাঙ্গীর আলম বলেন, ঈদের সময় পরিবারের কথা খুব মনে পড়ে। কষ্ট তো হয়ই, তবে দেশের জন্য কাজ করছি—এটাই গর্বের।
আরেক আনসার সদস্য লুৎফুর রহমান বলেন, ঈদের দিনে পরিবারের কথা বেশি মনে পড়ে। ফোনে সবাইকে একসঙ্গে দেখলে খারাপ লাগে। তবু দায়িত্বের কথা ভেবে নিজেকে সামলে নিই।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের ঈদের ছুটিতে বাড়ি না ফেরা এক ধরনের চরম আত্মত্যাগের বিষয়। প্রিয়জন ও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ ত্যাগ করে তারা ক্যাম্পাস ও আবাসিক হলগুলোর নিরাপত্তা নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার রাখতে আনসার সদস্যদের পাশাপাশি অন্যান্য নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করছেন।
এদিকে ঈদের আনন্দের মধ্যেও দায়িত্বে থাকা এসব আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।







