ক্যাম্পাস
দুই শতাধিক শিক্ষার্থীকে জকসুর ঈদ উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
বৃহস্পতিবার (২৮ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে জকসু কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপহার হিসেবে রেজিস্ট্রেশনকৃত প্রত্যেক শিক্ষার্থীকে কোরবানির মাংসের প্যাকেট প্রদান করা হয়।
উপহার গ্রহণ করে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সুজন মিয়া বলেন, “বাড়িতে থাকলে আমরা হয়তো কোরবানির মাংস খেতে পারতাম। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এবার বাড়িতে যাওয়া হয়নি। তবে জকসু আমাদের এ উপহার দেওয়ায় আমরা কোরবানির মাংসের স্বাদ গ্রহণ করতে পারবো, ইনশাআল্লাহ।”
বাংলা বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, “জকসুকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগ গ্রহণের জন্য। আমরা যারা ঈদে ঢাকায় অবস্থান করছি, তাদের জন্য এটি খুবই উপকারী হয়েছে। আশা করি, জকসু এ ধরনের শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।”
জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “ঈদের সময় আমাদের অনেক শিক্ষার্থীই বাড়িতে যেতে পারেননি এবং ঢাকায় অবস্থান করছেন। জকসুর নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা সবসময়ই শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। ঈদ উপহার বিতরণের মাধ্যমে আমরা তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি।”
জকসু জিএস আব্দুল আলিম আরিফ বলেন, “বিভিন্ন সমস্যার কারণে অনেক শিক্ষার্থীই বাড়িতে যেতে পারেননি। তাদের ঈদের আনন্দ যাতে ম্লান না হয়, সে কারণেই আমরা এ উপহারসামগ্রী বিতরণের আয়োজন করেছি। আশা করি, আমাদের এই ছোট্ট উপহার তাদের ঈদ আনন্দ কিছুটা হলেও বাড়িয়ে দেবে।”
উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকসুর এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা: সুখীমন খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ মে) জকসুর অফিসিয়াল ফেসবুক পেজে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদ উপহার প্রদানের ঘোষণা দেওয়া হয় এবং আগ্রহী শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের আহ্বান জানানো হয়।







