ক্যাম্পাস

ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে রাকসুর বিশেষ আয়োজন ‘বকরীদ-ই-রাকসু’

সায়েম চৌধুরী, রাবি প্রতিনিধি

শেয়ারঃ

ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে রাকসুর বিশেষ আয়োজন ‘বকরীদ-ই-রাকসু’- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। ‘বকরীদ-ই-রাকসু’ শিরোনামের এ আয়োজনটি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।


শুক্রবার (২৯ মে) দুপুর ২টায় রাকসু ভবনের সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্পাসে অবস্থানরত আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা অংশ নেন।


আয়োজক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নানা কারণে যারা বাড়ি যেতে পারেননি, তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে রাকসু নেতৃবৃন্দ কুশল বিনিময় করেন এবং বিশেষ খাবার বিতরণ করা হয়।


শিক্ষার্থীরাও এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, এমন আয়োজন ক্যাম্পাস জীবনে নতুন মাত্রা যোগ করে এবং দূরে থেকেও ঈদের আনন্দ অনুভব করা সহজ হয়।


রাকসুর সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম সায়েম বলেন, ঈদুল আজহায় ক্যাম্পাসে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অবস্থান করেন। পরিবার থেকে দূরে থাকা এসব শিক্ষার্থীর সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে এ আয়োজন করা হয়েছে। প্রায় সাড়ে তিনশত শিক্ষার্থীর জন্য আয়োজন করা হয় এবং একই সংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেন। দুটি খাসি জবাই করে সেই মাংস দিয়ে তেহারি রান্না করে শিক্ষার্থীদের পরিবেশন করা হয়।


রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির বলেন, ঈদুল আজহায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য এ বিশেষ আয়োজন করা হয়েছে, যাতে তারা পরিবার থেকে দূরে থাকলেও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্যান্য ছাত্র সংগঠনের পূর্ববর্তী আয়োজনের কারণে এটি একদিন পরে করা হয়। তিনি আরও জানান, সফলভাবে আয়োজনটি সম্পন্ন করা সম্ভব হয়েছে।


এছাড়াও আয়োজনে মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা রাখা হয়। নারী শিক্ষার্থীদের জন্য হলে হলে খাবার পৌঁছে দেওয়া হয়।


সম্পর্কিত খবর