ক্যাম্পাস

সিকৃবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

সিকৃবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত- খবরের থাম্বনেইল ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।


সকালে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসেন কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির সিন্ডিকেট সদস্য ও সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদির লুনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।


সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও সোনালী দলের সভাপতি প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. রুহুল আমিন।


আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্রের বিকাশ এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। পরে কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয় এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।


সম্পর্কিত খবর