ক্যাম্পাস

গবেষণায় সাফল্যের স্বীকৃতি, সিমাগো র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা পাঁচে সিকৃবি

সি.কৃ.বি. প্রতিনিধি

শেয়ারঃ

গবেষণায় সাফল্যের স্বীকৃতি, সিমাগো র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা পাঁচে সিকৃবি- খবরের থাম্বনেইল ফটো

সিমাগো র‍্যাঙ্কিং হলো একটি আন্তর্জাতিক বার্ষিক র‍্যাঙ্কিং ব্যবস্থা, যা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানকে তাদের গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করে।


গবেষণা কার্যক্রমে ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক গবেষণা মূল্যায়ন সংস্থা এর সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সামগ্রিকভাবে পঞ্চম স্থান অর্জন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া কৃষি, জীববিজ্ঞান এবং ভেটেরিনারি বিজ্ঞান বিষয়ে গবেষণার ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।


সীমিত অর্থায়ন, অবকাঠামোগত চ্যালেঞ্জ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার মধ্যেও এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তুলনামূলকভাবে ছোট পরিসরের একটি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও গবেষণায় এমন অবস্থান অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং গবেষণাসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক প্রকাশনা বৃদ্ধি এবং নতুন নতুন গবেষণা উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে তুলছে।


বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তিলক চন্দ্র নাথ বলেন, “র‍্যাঙ্কিং কখনোই একটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান, সম্ভাবনা কিংবা অবদানকে সম্পূর্ণভাবে মূল্যায়ন করতে পারে না। তবুও এ ধরনের স্বীকৃতি আমাদের অনুপ্রেরণা জোগায় এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জের মধ্যেও আমাদের গবেষকরা যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, এই অর্জন তারই প্রতিফলন।”


তিনি আরও বলেন, “গবেষকদের জন্য আরও উন্নত গবেষণা পরিবেশ, আধুনিক গবেষণাগার, পর্যাপ্ত অর্থায়ন এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা গেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।”


বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকল গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং সহকর্মীদের অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, গবেষণায় এ ধারা অব্যাহত রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আগামী দিনে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে আরও উজ্জ্বল অবস্থান অর্জন করবে।


সম্পর্কিত খবর