ক্যাম্পাস

চবিতে শুরু হচ্ছে 'প্রফেসর ড. খবির উদ্দিন আহমেদ ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন ২০২৬'

চবি প্রতিনিধি

শেয়ারঃ

চবিতে শুরু হচ্ছে 'প্রফেসর ড. খবির উদ্দিন আহমেদ ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন ২০২৬'- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ৫ ও ৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ প্রফেসর ড. খবির উদ্দিন আহমেদ ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন-২০২৬’। দেশের আইন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য বিষয় ‘ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল’।


মঙ্গলবার (২জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানায় প্রোগ্রামটির আয়োজক সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)।


আয়োজক সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) লিখিত বক্তব্যে জানায়, দুই দিনব্যাপী এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল লিখিত মেমোরিয়াল জমা দেয়। সেখান থেকে বাছাই শেষে ১৬টি দল মৌখিক পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।


প্রতিযোগিতাটি প্রিলিমিনারি রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ মোট পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন।


এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিবিশনের বিচারপতি জাস্টিস জাস্টিস সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বিচারপতি জাস্টিস রেজাউল করিম।


এ আয়োজনে বিশিষ্ট অতিথি হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ জনাব আরশাদুর রউফ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) ও জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এ.ই.এম. ইসমাইল হোসেন।


এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে থাকছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাফর উল্লাহ তালুকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলএল.এম. অ্যাসোসিয়েশন এর সভাপতি ব্যারিস্টার শাহ মোহাম্মদ এজাজ রহমান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন এ.বি.এম. ইমদাদুল হক খান।


আয়োজকরা জানান, দেশের আইন শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের আইনি জ্ঞান, গবেষণা ও বিশ্লেষণ দক্ষতা এবং যুক্তিনির্ভর উপস্থাপনার সক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন। পাশাপাশি আইন শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও আদালতভিত্তিক বিতর্ক দক্ষতা বৃদ্ধিতেও এ আয়োজন ভূমিকা রাখবে।


এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসসিএলএস এর চেয়ারপার্সন সৌরভ চৌধুরী, জেনারেল সেক্রেটারি তাওসিফ মুত্তাকী চৌধুরী, অনুষ্ঠিতব্য এই ইভেন্টের মিডিয়া এন্ড কর্পোরেট ব্র্যান্ডিং হেড সামিহা আফরিন আনজুম, একাডেমিক সেক্রেটারি নাঈম রশিদ চৌধুরী, সাব এক্সিকিউটিভ মেম্বার অদিতি দাস ও আফরিন মম অর্থি। এছাড়াও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সেখানে।


সম্পর্কিত খবর