জাতীয়

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করল সরকার

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করল সরকার- খবরের থাম্বনেইল ফটো

নারায়ণগঞ্জের পরিকল্পিত নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) প্রতিষ্ঠা করেছে। এ লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ (২০২৬ সনের ৬৮ নং আইন)-এর ধারা ৪-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে।


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নতুন এ কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ এলাকার পরিকল্পিত উন্নয়ন, ভূমি ব্যবহার ব্যবস্থাপনা, আবাসন উন্নয়ন, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণসহ সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে দায়িত্ব পালন করবে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষ প্রতিষ্ঠার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।


এর ফলে নারায়ণগঞ্জ মহানগরী ও আশপাশের এলাকার উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য একটি স্বতন্ত্র আইনগত ও প্রশাসনিক কাঠামো গড়ে উঠবে।


সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত নগরায়ণের ফলে বিভিন্ন ধরনের পরিকল্পনাগত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া নারায়ণগঞ্জে নতুন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।


প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব অভিজিৎ রায় স্বাক্ষর করেন।


এর মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী নারায়ণগঞ্জের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করার নতুন দিগন্ত উন্মোচিত হলো।



সম্পর্কিত খবর