জাতীয়
আইডি হ্যাকের অজুহাতে মিথ্যাচার করলে জনগণের আস্থা পাওয়া যায় না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আইডি হ্যাকের অজুহাতে যারা মিথ্যা বক্তব্য দিচ্ছেন, তারা কখনোই জনগণের প্রকৃত বন্ধু হতে পারেন না। তিনি বলেন, রাজনীতিতে সত্য ও নৈতিকতার অভাব থাকলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়।
সোমবার বেলা পৌনে ৩টার দিকে যশোরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল সম্প্রতি বিতর্কিত একটি ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে আইডি হ্যাক হওয়ার ব্যাখ্যা দিয়েছে। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, এ ধরনের হ্যাকিংয়ের দাবি বাস্তবসম্মত নয়। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের রাজনৈতিক চরিত্রই প্রকাশ করছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশের রাজনীতিতে কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন এখনও দৃশ্যমান নয়। পুরোনো মানসিকতা ও আচরণ রাজনীতিতে বিরাজ করলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।
বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, একটি রাজনৈতিক গোষ্ঠী দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ নারীদের অবমূল্যায়ন করছে এবং তাদের কর্মজীবন ও সামাজিক অংশগ্রহণ সীমিত করার মানসিকতা পোষণ করছে।
এর আগে খুলনায় আরেকটি নির্বাচনী সভায় তারেক রহমান বলেন, যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, তাদের ইতিহাস ও আদর্শ সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সহধর্মিণী হযরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। সুতরাং নারীদের কর্মসংস্থান ও সম্মানজনক জীবনকে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারও নেই।
তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব।








