ক্যাম্পাস
হাতিয়ায় জাবি ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ, বিচারের দাবি

নোয়াখালীর হাতিয়ায় নিজের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আব্দুল গাফফার।
শুক্রবার (৫ জুন) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে এক সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল গাফফার হামলার ঘটনায় প্রশাসনের কাছে চার দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: হামলার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, তার পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার নেপথ্যে মদদদাতা প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল গাফফার জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন ওঠে এবং তিনি ব্যক্তিগতভাবে সাংসদ থেকে দূরত্ব বজায় রাখা শুরু করেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংসদ হান্নান মাসুদের বিরুদ্ধে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তৎকালীন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিনিময়ে ‘তিন কোটি টাকার ডিল’ সংক্রান্ত একটি গুরুতর অভিযোগ উত্থাপন করেন।
ভুক্তভোগী গাফফারের অভিযোগ, এই বিষয়টি জনসমক্ষে আসার পর থেকেই সাংসদ মাসুদের সমর্থকরা তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাতে তার গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলা চালানো হয়।
তিনি আরও জানান, হামলার পর স্থানীয় নেতাকর্মীরা তার বাবার সাথে দুর্ব্যবহার করেন এবং অনুমতি ছাড়াই ভিডিও ধারণের মাধ্যমে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালান।
আব্দুল গাফফার বলেন, তিনি ব্যক্তিগত কোনো বিদ্বেষ থেকে নয়, বরং জনস্বার্থ ও জবাবদিহিতার জায়গা থেকেই অভিযোগগুলো উত্থাপন করেছেন। এ বিষয়ে সাংসদ হান্নান মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি নেতাকর্মীদের ওপর নিয়ন্ত্রণ নেই বলে জানিয়েছেন, যা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। এছাড়া তার কাছে এমন তথ্য ও প্রমাণ রয়েছে, যেখানে সাংসদ হান্নান মাসুদ তার ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে হামলায় নিজেদের কর্মীদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন বলেও তিনি দাবি করেন।







