ক্যাম্পাস
সিকৃবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জুলাই-৩৬ গেট সংলগ্ন সড়কের পাশে নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডা. মো. আলিমুল ইসলাম বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার নানা ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। খাল পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ, জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির মতো উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি আমাদের সবার। ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান—প্রতিটি স্তরে সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব। বর্তমান সরকারের পরিবেশবান্ধব পরিকল্পনা ও কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আইকিউএসি সেলের পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ জাহান মজুমদার, ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ডা. মো. রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী (অ.দা.) প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (অ.দা.) খসরু মোহাম্মদ সালাউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (অ.দা.) গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম এবং কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. অসীম সিকদার।







