ক্যাম্পাস
জাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. নজরুল ইসলাম ও ড. শামছুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই উপ-উপাচার্য পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) পদে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) পদে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ—যেটি আগে হবে, ততদিন পর্যন্ত তারা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধি-বিধান অনুযায়ী এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন তারা। একই সঙ্গে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার শর্তও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “এত বড় দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের কল্যাণ ও শিক্ষার্থীদের স্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব।”
অপরদিকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পাওয়ার অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, “প্রথমেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।”
নতুন দুই উপ-উপাচার্যের নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।







