জাতীয়
আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

যাত্রীসেবার পরিধি বাড়াতে আজ রোববার (৭ জুন) থেকে মেট্রোরেলের চলাচলের সময় উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। ফলে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।
নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী শেষ মেট্রোরেল ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। আগে এ ট্রেনটি ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা আগে ছিল রাত ৯টা ৩০ মিনিট।
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল জানিয়েছে, রাতের সেবা বাড়ানোর বিষয়ে গত এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।
প্রাথমিকভাবে বাড়তি ২০ মিনিটে উভয় দিকেই একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চাহিদা ও পরিচালনাগত সক্ষমতা বিবেচনায় ভবিষ্যতে মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রতিদিন ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে। নতুন সময়সূচির ফলে ট্রিপের সংখ্যাও কিছুটা বৃদ্ধি পাবে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল।
প্রথমদিকে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়। পরে পর্যায়ক্রমে নতুন নতুন স্টেশন চালু করা হয় এবং সেবার পরিধি সম্প্রসারণ করা হয়।







