জাতীয়
৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মাত্র ছয় কার্যদিবসের মধ্যে বিচার শেষ হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এটি বাংলাদেশের ইতিহাসে দ্রুততম বিচারগুলোর একটি।
রোববার (৭ জুন) রায় ঘোষণার পর সচিবালয়ে প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী জানান, মামলাটি আইনের সব ধাপ অনুসরণ করেই দ্রুত নিষ্পত্তি করা হয়েছে এবং উচ্চ আদালতেও রায় বহাল থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে সোহেল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। সোহেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মাত্র পাঁচ দিনের মধ্যে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়।
ঈদের ছুটির কারণে বিচার কার্যক্রম কিছুটা বিলম্বিত হলেও ১ জুন থেকে দ্রুত শুনানি শুরু হয়। ২ জুন ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন, ৩ জুন আত্মপক্ষ সমর্থন এবং ৪ জুন যুক্তিতর্ক শেষে ৭ জুন রায় ঘোষণা করা হয়।







