ক্যাম্পাস
আন্তর্জাতিক যুব কূটনীতি কর্মসূচিতে অংশ নিতে চীন যাচ্ছেন রাবি ছাত্রদল নেতা রাফায়েতুল রাবিত

আন্তর্জাতিক যুব কূটনীতি বিষয়ক কর্মসূচি ‘China–South Asia Young Envoys Program 2026’-এ অংশ নিতে চীনের ইউনান ইউনিভার্সিটির আমন্ত্রণে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে চীন সফরে যাচ্ছেন রাফায়েতুল আহম্মেদ রাবিত। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মানবাধিকারবিষয়ক সম্পাদক।
১২ দিনব্যাপী এ কর্মসূচিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী ও যুবনেতারা অংশগ্রহণ করবেন। কর্মসূচির আওতায় যুব কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন সেশন, কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে রাফায়েতুল রাবিত বলেন, “আন্তর্জাতিক এই কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি চেষ্টা করব বাংলাদেশের সংস্কৃতি, তরুণ সমাজের সম্ভাবনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরব আন্তর্জাতিক পরিমণ্ডলে যথাযথভাবে তুলে ধরতে।”
এই কর্মসূচির মাধ্যমে তিনি বাংলাদেশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়—উভয়কেই প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। তাঁর এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাঁর সফলতা কামনা করেছে।
রাফায়েতুল রাবিত বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাকসু নির্বাচন ২০২৫-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী ছিলেন। শিক্ষাঙ্গনে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তাঁর সক্রিয় ভূমিকা ইতোমধ্যে সহপাঠীদের মধ্যে প্রশংসিত হয়েছে।
শুধু ছাত্ররাজনীতিতেই নয়, সৃজনশীল কর্মকাণ্ডেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত “আমার ভাবনায় বাংলাদেশ” শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেরা ১০-এ স্থান অর্জন করেন। দেশের ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যৎ ভাবনাকে সৃজনশীলভাবে উপস্থাপনের জন্য তাঁর কাজ ব্যাপক প্রশংসা লাভ করে।







