ক্যাম্পাস
বেরোবির মেইন গেটের সামনে যানবাহন পার্কিং ও দোকানপাট নিষিদ্ধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মেইন গেটের সামনের পরিবেশ সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় সব ধরনের যানবাহন পার্কিং এবং দোকানপাট স্থাপন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনের পরিবেশ রক্ষা, সৌন্দর্য বজায় রাখা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ওই এলাকায় সব ধরনের যানবাহন পার্কিং ও দোকানপাট স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সৌন্দর্য ও শৃঙ্খলা ক্ষুণ্ন করে এমন কোনো দোকান বা কার্যক্রম গেটের সামনে পরিচালনা করতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।







