ক্যাম্পাস

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন- খবরের থাম্বনেইল ফটো

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেন। সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্ব হস্তান্তর ও বরণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।


অনুষ্ঠানে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দিন ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে নবাগত উপাচার্যকে বরণ করে নেন। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী, ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ-এর অধ্যক্ষ ইসমাইল হোসেন, মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ-এর অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ এবং মুক্তিযোদ্ধা আহম্মদ আলী কলেজ-এর অধ্যক্ষ শাহী উদ্দীন মিল্টন-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এর আগে রোববার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. তোজাম্মেল হোসেনকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।


নতুন কর্মস্থলে যোগদান করে অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, “আমার লক্ষ্য যুগোপযোগী বিষয়সমূহ চালু করা এবং বেকারত্ব দূরীকরণে সক্ষম, মানসম্মত গ্র্যাজুয়েট তৈরি করা। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন দেশের সম্পদে পরিণত হয়, সে লক্ষ্যে আমি কাজ করে যাব। আমি বিশ্ববিদ্যালয়টিকে একটি আধুনিক, গবেষণামুখী ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে আন্তরিকভাবে কাজ করব।”


এ সময় তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।


অধ্যাপক ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়-এর একজন সুপরিচিত শিক্ষক ও শিক্ষকনেতা। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ-এর সভাপতি এবং বর্তমানে ইউট্যাব-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টদের আশা, নবীন এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে গতিশীল করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর