ক্যাম্পাস

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আরবি বিভাগের অধ্যাপক

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আরবি বিভাগের অধ্যাপক- খবরের থাম্বনেইল ফটো

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত ‘বিজ্ঞান বিশেষজ্ঞ’ ও অভিজ্ঞ শিক্ষকদের ভিসি পদে নিয়োগ দেওয়ার রীতি থাকলেও এবার তিনি নিয়োগ পেয়েছেন ভাষা ও সাহিত্যের ময়দান থেকে। তবে বিশ্ববিদ্যালয়টির আইনে এ ধরনের নিয়োগে কোনো বাধ্যবাধকতা নেই।


আজ সোমবার (৮ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২-এর ১০(১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।’


নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তার মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। তিনি সংশ্লিষ্ট পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন।


এছাড়া, তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।


সম্পর্কিত খবর