ক্যাম্পাস
রাবি ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ পুলিশিং কার্যক্রম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করতে বেপরোয়া যানবাহন ও মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে বিশেষ পুলিশিং কার্যক্রম পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা যানবাহনের কাগজপত্র যাচাই, ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিতকরণ এবং বেপরোয়া মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে তদারকি করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে। বিশেষ করে অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনা এবং অননুমোদিত যানবাহনের প্রবেশ রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল মাহমুদ বলেন, “ক্যাম্পাস প্রশাসনের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিগত সময়ে বেপরোয়া মোটরসাইকেল চলাচলের কারণে অনেক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছেন। তাই নিয়মিত এ ধরনের তদারকি কার্যক্রম চালু রাখা প্রয়োজন।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, “ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেসব মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট নেই, সেগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”







